যশোর অফিস
মুক্তেশ্বরী নদী রক্ষা ও নদী দখলমুক্ত করার দাবিতে যশোরে পদযাত্রা কর্মসূচি পালন করেছে “মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন”।
সোমবার (১৫ জুন) বিকেল ৫টায় পুলেরহাট এলাকা থেকে পদযাত্রাটি শুরু হয়ে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে প্রায় ৩৫ থেকে ৪০ জন অংশগ্রহণ করেন।
মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অনিল বিশ্বাসের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, যশোর পরিবেশ আন্দোলনের নেতা হারুন অর রশিদ, হাসিবুর রহমান, আবু হাসান, রাশেদ খান, জিল্লুর রহমান ভিটুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আয়োজকরা জানান, আদ-দ্বীন হাসপাতালসহ নদীর তীরের সব অবৈধ দখলদার উচ্ছেদ, দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, ভৈরব নদীর সঙ্গে উজানে মুক্তেশ্বরী নদীর সংযোগ পুনঃস্থাপন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে মাথাভাঙ্গা ও ভৈরব নদীর সংযোগ স্থাপনের দাবিতে এ পদযাত্রার আয়োজন করা হয়।
বক্তারা বলেন, নদী ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। ভবিষ্যতেও নদী রক্ষার দাবিতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা জানান।