রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে যশোরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Share

যশোর অফিস
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী ১৪৩৩ উপলক্ষে যশোর শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০০ থেকে ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব। এছাড়া প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি, মানবতাবাদী চিন্তা ও জাতীয় চেতনায় তাঁদের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, দুই কবির সৃষ্টি বাঙালি জাতির সাংস্কৃতিক ঐতিহ্য ও অনুপ্রেরণার অন্যতম উৎস।
আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশিত হয়। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Read more