যশোর অফিস
যশোরের বেনাপোল স্থলবন্দরে একটি আমদানি চালান থেকে ঘোষণা বহির্ভূত শাড়ি ও কসমেটিকস সামগ্রী আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
কাস্টমস সূত্রে জানা যায়, গত ১৪ জুন রাত ৯টার দিকে বন্দর এলাকার ২৬ নম্বর শেডে রক্ষিত আমদানিকারক প্রতিষ্ঠান টিএস ইন্টারন্যাশনালের একটি চালান পরীক্ষা করা হয়। চালানটিতে ৩২৬ প্যাকেজে ১১ হাজার ৬৮৭ কেজি ‘কালার পেন্সিল অ্যান্ড আদার্স’ পণ্য আমদানির ঘোষণা দেওয়া হয়েছিল।
পরীক্ষাকালে ঘোষণার সঙ্গে পণ্যের অমিল ধরা পড়ে। এ সময় অতিরিক্ত ৫০ প্যাকেজে ১ হাজার ৬১২ কেজি শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়, যা আমদানি ঘোষণায় উল্লেখ ছিল না।
ঘোষণা বহির্ভূত পণ্য আমদানির অভিযোগে সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠান টিএস ইন্টারন্যাশনাল এবং সিঅ্যান্ডএফ এজেন্ট কাব্বি এন্টারপ্রাইজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে কাস্টমস সূত্রে জানা গেছে।