যশোর অফিস
দ্বিতীয় সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ থ্রোবল এসোসিয়েশনের ২০ সদস্যের একটি দল বেনাপোল স্থলবন্দর হয়ে ভারতে গেছেন।
সোমবার (১৫ জুন) সকাল পৌনে দশটায় যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দলের খেলোয়াড় ও কর্মকর্তারা ভারতে প্রবেশ করেন। দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ থ্রোবল এসোসিয়েশনের টিম ম্যানেজার হেলাল উদ্দিন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের রাঁচিতে অনুষ্ঠিতব্য দ্বিতীয় সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে তারা ভারত গমন করেন। আগামী ২৫ জুন পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় বাংলাদেশ দলের খেলোয়াড়রা দেশের প্রতিনিধিত্ব করবেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশ দল কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে দেশের জন্য সুনাম বয়ে আনবে।