যশোর অফিস
যশোরের শার্শা উপজেলায় পাটক্ষেতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম শহিদ (৫৯) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১৪ জুন)
বেলা ১১টার দিকে শার্শা উপজেলার খলিশাখালী (পূর্বপাড়া) গ্রামের খলিশাখালী মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের মৃত নূর মোহাম্মদ সৈয়ালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খলিশাখালী মাঠে মল্লিক চাঁনের পাটক্ষেতে কাজ করছিলেন শহিদুল ইসলাম। এ সময় পানির মোটরে সংযুক্ত বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে জীবিত মনে করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।