হত্যাচেষ্টা মামলার তিন পলাতক আসামি গ্রেফতার

Share

নিজস্ব প্রতিবেদক:
হত্যাচেষ্টা মামলার তিন পলাতক আসামি গ্রেফতার
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া মাজার এলাকা থেকে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, যশোর ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল।
র‍্যাব সূত্রে জানা যায়, রবিবার (১৪ জুন) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নড়াইল জেলার কালিয়া থানার হাড়িডাঙ্গা গ্রামের বাসিন্দা শিশান থান্দার (৫০), বায়েজিদ থান্দার (৩০) ও তোকা থান্দারকে (২৫) গ্রেফতার করা হয়।
র‍্যাব জানায়, গত ১৯ মে নড়াইলের কালিয়া উপজেলার হাড়িডাঙ্গা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে শাহাবুদ্দিন থান্দার নামে এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আসামিরা ভিকটিমকে নিজ জমিতে চলাচলে বাধা প্রদান এবং জায়গা দখলের চেষ্টা করে। একপর্যায়ে তারা রামদা, হাতুড়ি ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে শাহাবুদ্দিনের বাড়িতে প্রবেশ করে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরবর্তীতে শাহাবুদ্দিনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর ভিকটিমের পরিবারের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অভিযুক্তরা দীর্ঘদিন পলাতক ছিলেন। অবশেষে র‍্যাবের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইলের কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Read more