যশোরে যুবককে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা থানায় লিখিত অভিযোগ

Share

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার ধর্মতলা এলাকায় এক যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেছেন তার বাবা জীবন রতন দাস।
অভিযোগ সূত্রে জানা যায়, যশোর শহরের বিমানবন্দর সড়ক এলাকার বাসিন্দা জীবন রতন দাস দাবি করেন, তার ছেলে দীপঙ্কর দাস স্থানীয় পূজা উদযাপন কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। এ কারণে এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় কয়েকজনের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়।
অভিযোগে বলা হয়, গত ১২ জুন সন্ধ্যায় অভিযুক্তরা দীপঙ্কর দাসকে ডেকে নিয়ে যায়। পরে কোতোয়ালি মডেল থানার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা গ্রামের একটি স্থানে নিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা চেষ্টা করা হয়। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত দীপঙ্করকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার জানিয়েছে।
ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং ভবিষ্যতেও তাদের পরিবারের সদস্যদের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে।
এ ঘটনায় জীবন রতন দাস কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক এস আই ফজলু অভিযোগের বিষয় নিশ্চিত করেছেন।
পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

Read more