যশোর অফিস
যশোরের মণিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামে বিদেশে যাওয়ার জন্য ধার নেওয়া প্রায় ৫ লাখ ৭৫ হাজার টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় পাওনাদার নারী মনিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, যশোরের মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের বাসিন্দা ইকবাল হোসেনের স্ত্রী নারগিস খাতুন তার প্রতিবেশী আব্দুল করিমের ছেলে নজরুলকে বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন সময়ে এনজিও থেকে ঋণ নিয়ে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা ধার দেন। পরে কম্বোডিয়ায় অবস্থানকালে নজরুল হোসেন ওই টাকার একটি অংশ পরিশোধ করেন। তবে বাকি টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় ২০২৫ সালের ২২ অক্টোবর পুনরায় এনজিও থেকে ঋণ নিয়ে তাকে আরও ৫ লাখ ৭৫ হাজার টাকা দেওয়া হয়।
নারগিস খাতুনের দাবি,পূর্বের পাওনা কিছু টাকা পরিশোধ করলেও বর্তমানে নজরুল হোসেনের কাছে তার ৫ লাখ ৭৫ হাজার টাকা পাওনা রয়েছে। বিদেশ থেকে দেশে ফেরার পর থেকে তিনি আর কোনো টাকা পরিশোধ করেননি। একাধিকবার টাকা ফেরত চাওয়া হলেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করে আসছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, স্থানীয়ভাবে একাধিকবার শালিস ও মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি। সর্বশেষ গত ২০ মে সকালে মোবাইল ফোনে পাওনা টাকা চাইলে অভিযুক্ত ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং টাকা দেবেন না বলে হুমকি দেন। পাশাপাশি মারধর ও প্রাণনাশের ভয়ভীতিও দেখানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নারগিস খাতুন।
এ বিষয়ে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ এর কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি তদন্তের জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।