৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন যশোরে

Share

যশোর অফিস
যশোরে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে নব কিশলয় স্কুল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, যশোরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যশোর পৌরসভার প্রশাসক রফিকুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করা হয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।
আয়োজকরা জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, সড়কের দুই পাশ, নদীর তীর, পতিত জমি ও বসতবাড়িতে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছকে অগ্রাধিকার দেওয়া হবে।
পরিবেশবিদরা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা গেলে যশোর পরিবেশ সংরক্ষণে দেশের অন্যতম মডেল জেলায় পরিণত হতে পারে।

Read more