যশোর প্রতিনিধি:যশোরের মনিরামপুরে গরু বিক্রি করে ফেরার পথে এজাহার আলী (৬৫) নামে এক বৃদ্ধকে অজ্ঞান করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (১৩ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে মনিরামপুর উপজেলার গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী এজাহার আলী উপজেলার কাশিমনগর ইউনিয়নের কাশিমনগর গ্রামের মৃত আবু বকর বিশ্বাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, এজাহার আলী নিজ বাড়ি থেকে গরু বিক্রির উদ্দেশ্যে মনিরামপুর গরুর হাটে যান। সেখানে গরু বিক্রির পর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে অজ্ঞান করে দেয়। এ সময় তার কাছে থাকা গরু বিক্রির ৭০ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন নিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।