যশোর প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার জামালপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হাবিবুর রহমান (৩৪) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
শনিবার (১৩ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার জামালপুর গ্রামে ভিকটিমের নিজ বাড়ির পাশের জমিতে এ ঘটনা ঘটে। আহত হাবিবুর রহমান উপজেলার জামালপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিবেশী নুরুজ্জামান (৫০), আহাদ (২৪), তরিকুল ইসলাম (৪২) এবং তাদের সঙ্গে থাকা আরও ৩-৪ জন ব্যক্তি হাবিবুর রহমানের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো দা দিয়ে তার মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।
বর্তমানে হাবিবুর রহমান চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখম
Share
Read more