যশোর প্রতিনিধি: যশোরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে নতুন কর্মস্থলে বদলি হয়েছেন পুলিশ কনস্টেবল সোহেল রানা। বৃহস্পতিবার ছিল হাসপাতাল ক্যাম্পে তার শেষ কর্মদিবস। তার বিদায়ে হাসপাতাল সংশ্লিষ্ট অনেকেই আবেগ প্রকাশ করেছেন।
হাসপাতালে দায়িত্ব পালনের সময় সোহেল রানা রোগী, স্বজন, চিকিৎসক, নার্স ও কর্মচারীদের প্রতি আন্তরিক আচরণের মাধ্যমে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। অনেকের মতে, তিনি কেবল একজন পুলিশ সদস্য হিসেবেই নয়, বরং একজন মানবিক মানুষ হিসেবে দিন-রাত সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
স্থানীয় সাংবাদিকদের একটি বড় অংশও তার কর্মদক্ষতা ও মানবিকতার প্রশংসা করেন। তাদের মতে, হাসপাতালের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সোহেল রানার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ফলে তার বদলির খবরে হাসপাতালসংশ্লিষ্ট অনেকেই আক্ষেপ প্রকাশ করেছেন।
একজন সচেতন নাগরিকের ভাষায়, “সোহেল রানা ছাড়া যশোর জেনারেল হাসপাতাল যেন কিছুটা অরক্ষিত মনে হচ্ছে।” অনেকেই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে সুযোগ হলে তাকে আবারও যশোর জেনারেল হাসপাতালের দায়িত্বে ফিরিয়ে আনা হবে।
দীর্ঘ কর্মজীবনের নতুন অধ্যায়ে পা রাখা কনস্টেবল সোহেল রানার জন্য রইল শুভকামনা। নতুন কর্মস্থলেও তিনি তার নিষ্ঠা, সততা ও মানবিকতার মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করবেন—এমন প্রত্যাশা সবার।