যশোর মনিরামপুর নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা,আটক ১ 

Share

যশোর অফিস: যশোরের মনিরামপুরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ইমামুল হোসেন নামে এক রাজমিস্ত্রিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েক যুবকের বিরুদ্ধে। সোমবার রাতে উপজেলার স্মরণপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ ‌

নিহত ইমামুল হোসেন (৫০) যশোরের ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

নিহতের স্বজনরা জানান, ইমামুল হোসেনের নাতনিকে কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনার প্রতিবাদ করায় সোমবার রাতে যুবকদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে মধ্যরাতে বাড়ি থেকে কয়েক গজ দূরে ইমামুল ইজিবাইক থেকে নামার সঙ্গে সঙ্গে সিরাজুল ইসলামের নেতৃত্বে একই এলাকার রবিউল, হোসাইন, রাকিব, মেহেদী ও রাব্বিসহ কয়েকজন যুবকরা তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা গভীর রাতে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ  আবু সাঈদ জানান, খবর পেয়ে মনিরামপুর থানা ও ঝিকরগাছা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় আজ মঙ্গলবার নিহতের স্ত্রী রেশমা খাতুন ১১ জনকে আসামী করে মামলা করেছে। ওই মামলায় হোসাইন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Read more