যশোর অফিস:ভাতা বৃদ্ধি, বেসরকারি প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদানসহ ছয় দফা দাবির বিষয়ে সরকারের আশ্বাস পাওয়ার পর চলমান কর্মবিরতি ও ওয়ার্ড-শ্রেণিকক্ষ বর্জন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশের ইন্টার্ন ও পোস্টগ্রাজুয়েট চিকিৎসকরা।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের উপস্থিতিতে চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক যৌথ বিবৃতিতে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, এফসিপিএস পার্ট-১ এবং এমডি/এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ সব বেসরকারি প্রশিক্ষণার্থী নিয়মিত মাসিক ভাতা পাবেন। পাশাপাশি নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন ও পোস্টগ্রাজুয়েট চিকিৎসকদের বর্তমান ভাতা আনুপাতিক হারে বৃদ্ধি করা হবে।
এ ছাড়া স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির সুপারিশ, পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ এবং বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে কর্মরত এন্ট্রি-লেভেলের চিকিৎসকদের জন্য সম্মানজনক বেতন কাঠামো তৈরির বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
যৌথ বিবৃতিতে জানানো হয়, গৃহীত সিদ্ধান্তগুলো সাত কর্মদিবসের মধ্যে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে ইন্টার্ন ও পোস্টগ্রাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধি দল চলমান কর্মবিরতি এবং ওয়ার্ড ও ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা স্বাভাবিক হওয়ার পথ সুগম হয়েছে।