যশোরে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৪ সদস্য আটক, উদ্ধার ট্রাক ও পিকআপ

Share

যশোর প্রতিনিধি 
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বাঘারপারা থানা পুলিশের যৌথ অভিযানে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। এ সময় একটি মিনি ড্রাম ট্রাক, একটি মাহিন্দা পিকআপ এবং ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন দুপুরে বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। খবর ছিল, একটি সংঘবদ্ধ চোরচক্র দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাক ও অন্যান্য যানবাহন চুরি করে এনে বাঘারপাড়ার তেলিধান্যপুরা এলাকার একটি ফার্মহাউজে গ্যাস কাটারের সাহায্যে খণ্ড খণ্ড করে বিভিন্ন স্থানে বিক্রি করছে।
সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় মো. জামাল হোসেন (৪১), সেতু তালুকদার (২৮) ও মো. এনমুল (৪৮)কে আটক করা হয়। অভিযানে একটি মিনি ড্রাম ট্রাক, একটি মাহিন্দা পিকআপ এবং ট্রাকের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। আটককৃতরা উদ্ধারকৃত যানবাহনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দেশের বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে এনে যন্ত্রাংশ খুলে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মামলা দায়েরের পর তদন্তভার গ্রহণ করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর। তদন্তের ধারাবাহিকতায় সোমবার ভোরে অভিযানে চক্রের আরও এক সদস্য মো. হামজা (২৫)কে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর মধ্যে সেতু তালুকদার, মো. এনমুল এবং মো. হামজা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গাড়ি চুরি ও যন্ত্রাংশ বিক্রির সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Read more