যশোরে জামাতার বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর অভিযোগে থানায় লিখিত অভিযোগ

Share

যশোর অফিস 
যশোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় এক নারীর বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে জামাতার পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দত্তপাড়া গ্রামের বাসিন্দা শ্রীমতি মনি মালার মেয়ের সঙ্গে প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে নড়াইল জেলার তুলারামপুর গ্রামের অশোক বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস নামে এক যুবকের সাথে বিয়ে হয়। বিয়ের পর মেয়ের সংসারের প্রয়োজন বিবেচনায় আসবাবপত্র ও গৃহস্থালী সামগ্রী বাবদ প্রায় ৫০ হাজার টাকার জিনিসপত্র প্রদান করা হয়। এছাড়া ব্যবসার উদ্দেশ্যে দোকান করার জন্য নগদ ৫০ হাজার টাকা এবং বিভিন্ন সময়ে আরও প্রায় ৫০ হাজার টাকা দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, প্রায় এক মাস আগে পারিবারিক সমস্যার কথা বলে জয় বিশ্বাস শ্বশুরবাড়িতে এসে অবস্থান করতে শুরু করেন। পরে গত ৫ জুন শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে তিনি কৌশলে বাড়ি থেকে কিস্তির জন্য সংরক্ষিত নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের গলার চেইন, একটি স্বর্ণের আংটি, এক জোড়া স্বর্ণের চুড়ি, আনুমানিক এক ভরি স্বর্ণালংকার, একটি রূপার চেইন ও একটি রূপার ব্রেসলেট নিয়ে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী অভিযোগে নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারের ব্যবস্থা গ্রহণ এবং বিষয়টি তদন্তপূর্বক অভিযুক্তকে খুঁজে বের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চাঁচড়া ফাঁড়ির এসআই তাহমিদুল জানায়, অভিযোগের কপি আমার হাতে এসে এখনো পৌঁছায়নি। পাওয়ার পর তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read more