নতুনহাটের আলোচিত সোনা ব্যবসায়ী প্রকাশ আটক, পরে মুচলেকায় মুক্তি

Share

যশোর অফিস 
যশোর শহরের নতুনহাট এলাকার আলোচিত স্বর্ণ ব্যবসায়ী প্রকাশকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার রাতে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রকাশ নতুনহাট এলাকার পরিমলের ছেলে।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রকাশের বিরুদ্ধে সোনা বন্ধক রেখে ফেরত না দেওয়া, প্রতারণা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রকাশের বিরুদ্ধে এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সোনা বন্ধক নিয়ে তা ফেরত না দেওয়া এবং নানা ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে চোরাই ও অবৈধ সোনার ব্যবসার সঙ্গেও সম্পৃক্ততার অভিযোগ করেছেন স্থানীয়রা।
এদিকে প্রকাশকে আটকের খবর ছড়িয়ে পড়লে পুলেরহাটসহ আশপাশের এলাকার বেশ কয়েকজন ভুক্তভোগী কোতোয়ালি থানায় উপস্থিত হন। তারা তার বিরুদ্ধে অভিযোগ তুলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করতেন এবং প্রভাবশালী ব্যক্তিদের আত্মীয় পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করতেন।
তবে পরে অভিযোগকারী বাদীর সঙ্গে সমঝোতা হওয়ায় প্রকাশকে থানা থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

Read more