যশোর সিংহঝুলি ইউনিয়নে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Share

যশোর অফিস 
মানবসেবার ব্রত নিয়ে যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘জাগজাপিডা শিক্ষার্থী সংগঠন’-এর সহযোগিতায় এবং মেডিসিন ব্যাংক যশোরের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেন।
শনিবার (৬ জুন) গরীবপুর আদর্শ বিদ্যাপীঠ মাঠ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। জাগজাপিডা শিক্ষার্থী সংগঠনের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত চলা এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে যশোরের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সিংহঝুলি ইউনিয়নের গরীবপুর, জামলতা, জাহাঙ্গীরপুর, পিতাম্বরপুর ও হুদাফতেপুর গ্রামের রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ আয়োজন ব্যাপক সাড়া ফেলে।
জাগজাপিডা শিক্ষার্থী সংগঠনের সভাপতি আশানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মেডিসিন ব্যাংকের সভাপতি ও যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন শাফায়াত। বিশেষ অতিথি ছিলেন মেডিসিন ব্যাংক যশোরের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মো. মোস্তাফিজুর রহমান, সংগঠনের সচিব ডা. মো. আবুল কালাম আজাদ, হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ও বীর মুক্তিযোদ্ধা ডা. মো. ইয়াকুব আলী মোল্লা, গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল আরিফ শান্তি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী দফাদার, সহ-সভাপতি হুসাইন আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম এবং মেডিসিন ব্যাংক যশোরের সদস্য জাহিদ আমায় লিটন।
এছাড়া জাগজাপিডা শিক্ষার্থী সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, সংগঠনের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সার্বিক তদারকিতে ছিলেন মেডিসিন ব্যাংক যশোরের সহকারী কর্মকর্তা মো. আবু সাদ শাওন।
মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন। তাদের মধ্যে ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের ওরাল ও ডেন্টাল সার্জন ডা. মাসুম রেজা, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. জিয়াসমীন আক্তার তনিমা, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সাইফুর রহমান, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. জসীম উদ্দীন সরকার এবং শিশু গ্যাস্ট্রো-লিভার, পুষ্টি ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. উম্মে জান্নাতুল ফেরদৌস।
চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে প্রাথমিক ওষুধ বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০০১ সালে সিংহঝুলি ইউনিয়নের পাঁচ গ্রামের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, মানবিক মূল্যবোধ ও সামাজিক উন্নয়নকে কেন্দ্র করে জাগজাপিডা শিক্ষার্থী সংগঠনের যাত্রা শুরু হয়। জাহাঙ্গীরপুর, গরীবপুর, জামলতা, পিতাম্বরপুর ও হুদাফতেপুর গ্রামের শিক্ষার্থীদের আত্মিক বন্ধন গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। মানবসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংগঠনটি ভবিষ্যতেও সমাজের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।

Read more