পরিবার অপহরণের আশঙ্কা প্রকাশ করে যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ

Share

যশোর প্রতিনিধি:
যশোরের খড়কি এলাকার বাসিন্দা ও AIUB বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরীফ আব্দুল্লাহ আল মামুন নোবেল (২৬) নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবার অপহরণের আশঙ্কা প্রকাশ করে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ জুন সকালে নোবেল বাসা থেকে বের হয়ে ঢাকায় যান। এরপর থেকে তিনি আর পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি। তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরগুলোও বন্ধ পাওয়া যাচ্ছে। আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান মেলেনি বলে দাবি পরিবারের।
নিখোঁজ শিক্ষার্থীর পিতা শরীফ আব্দুল্লাহ মকিত অভিযোগে উল্লেখ করেন, বিভিন্ন সূত্রে তিনি জানতে পেরেছেন যে তার ছেলে এক তরুণীকে কেন্দ্র করে একটি পরিকল্পিত ঘটনার শিকার হতে পারেন। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে তাদের জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি নোবেলের সঙ্গে ফোনে যোগাযোগ হলে তিনি পরিবারের কাছে দাবি করেন যে তার বিরুদ্ধে ছড়ানো কিছু তথ্য সঠিক নয় এবং তিনি নিজের ইচ্ছায় অবস্থান করছেন। তবে এরপরও পরিবারের পক্ষ থেকে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের দাবি, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে নোবেলের অবস্থান শনাক্ত ও তাকে দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Read more