যশোর প্রতিনিধি
যশোর প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলার খাতাপাড়া ইউনিয়নের কৃষ্ণবাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে কৃষ্ণবাটি মন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি হলেন বাবু সরকার (৩৫), মৃত অতুল সরকারের ছেলে। তিনি কৃষ্ণবাটি গ্রামের খাতাপাড়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে কয়েকজন ব্যক্তি মন্দির সংলগ্ন বাবু সরকারের বাড়িতে প্রবেশ করে ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছেন অশোক মল্লিক, লক্ষীকান্ত মল্লিক, কনক মল্লিক (২৫), কল্যাণ মল্লিক (২৮) ও নয়ন মল্লিক (৩৫)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত বাবু সরকারকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
যশোরের মনিরামপুরে দা দিয়ে কুপিয়ে যুবককে আহত, হাসপাতালে ভর্তি
Share
Read more