যশোরে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

Share

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. কামরুজ্জামান ও এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল যশোর কোতয়ালী মডেল থানার ফতেপুর ইউনিয়নের হামিদপুর বাজার এলাকায় চেকপোস্ট ডিউটি পরিচালনা করছিল। এ সময় নড়াইল থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাসকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে বাসের এ-১ নম্বর সিটে থাকা যাত্রী মো. হযরত আলী (৫২)-এর হেফাজতে থাকা একটি নেভি ব্লু রঙের ব্যাগ থেকে লইট্যা শুটকির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
আটক হযরত আলী বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদিপুর কবরস্থানের পাশের বাসিন্দা মো. জামাত আলীর ছেলে। বর্তমানে তিনি বেনাপোল পোর্ট থানার পাটবাড়ী মন্দির সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ডে বসবাস করেন।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উদ্ধারকৃত আলামত হিসেবে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

Read more