ভ্রাম্যমান প্রতিনিধি
যশোরের মনিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) রাত আনুমানিক ৯টার দিকে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ-তালতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদরা গ্রামের রাকিব (২৭), পিতা- ইসমাইল এবং মেহেদী হাসান (২৫), পিতা- কামরুজ্জামান।
স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব ও মেহেদী একই মোটরসাইকেলে করে রাজগঞ্জ বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে তালতলা এলাকায় পৌঁছালে সামনের একটি মোটরসাইকেলকে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।