যশোরের বহিষ্কৃত যুবদল নেতা জনি ঢাকায় আটক

Share

যশোর প্রতিনিধি: যশোরের আলোচিত ও বহিষ্কৃত যুবদল নেতা, সাবেক প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনিকে রাজধানী ঢাকা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে একাধিক পুলিশ সূত্রে জানা গেছে।
আটকের পর তাকে যশোরে আনার প্রস্তুতি শুরু হয়েছে। এ লক্ষ্যে যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
মঙ্গলবার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জনির আটকের বিষয়টি নিশ্চিত করলেও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সংশ্লিষ্টদের দাবি, তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
সূত্র জানায়, এস্কেন্দার আলী জনির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তিনি আলোচনায় আসেন। বিশেষ করে যশোর বিএনপি ও যুবদলের কয়েকজন নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব ঘটনাকে কেন্দ্র করে দলীয় মহলেও সমালোচনার সৃষ্টি হয়।
সম্প্রতি এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে যশোর কোতোয়ালি থানায় জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনছারুল হক রানা একটি মামলা দায়ের করেন। ধারণা করা হচ্ছে, ওই মামলার সূত্র ধরেই তাকে আটক করা হয়েছে।
এ বিষয়ে যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, “বিষয়টি শুনেছি। তবে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

Read more