যশোর অফিস
যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধান অভিযুক্ত মনাকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের কদমতলা এলাকার একটি হোটেল থেকে তাকে আটক করা হয়।
আটক মনা খোলাডাঙ্গা কদমতলা এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে। তবে এ ঘটনায় জড়িত মনার ছেলে ইমনসহ অন্য আসামিরা এখনো পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় রাশেদ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় মনার ছেলে ইমন, মেয়ে জুলি খাতুনসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আসামিরা রাশেদ খানের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় প্রতিবাদ করলে তারা রাশেদ খান ও তার পরিবারের সদস্যদের মারপিট করেন। পরে বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়।
একই সঙ্গে রাশেদের বাবার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।