যশোর প্রতিনিধি
ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা বজায় রাখতে যশোর-বেনাপোল ,সাতক্ষীরা সড়কের মালঞ্চী এলাকায় জেলা প্রশাসন ও বিআরটিএ’র উদ্যোগে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দিনব্যাপী এ অভিযান চালানো হয়।
অভিযানে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া আদায়, যানবাহনের কাগজপত্র হালনাগাদ রাখা এবং সড়ক পরিবহন আইন মেনে চলার বিষয়ে পরিবহন সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
এসময় অবৈধ রুট পারমিটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ৬টি পরিবহন ও মোটরসাইকেলকে মোট ২৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
পরে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শহরের চাঁচড়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন যশোর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস ও মো. তাওমীদ হাসান।