যশোর প্রতিনিধি
যশোর শহরের খোলাডাঙ্গা কদমতলা মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতৃত্বদানকারী রাশেদ খানের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এসময় প্রতিবেশীরা তাদের প্রাচীর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে দিয়েছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রাশেদ খান।
অভিযোগ সূত্রে জানা যায়, রাশেদ খানের বাড়ির পাশেই অভিযুক্তদের বসবাস। দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে পূর্ব শত্রুতা চলে আসছিল। এর ধারাবাহিকতায় ২৫ মে রাত ৯টা ১৫ মিনিটে প্রতিবেশী মনা, ইমন, জুলি খাতুনআরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র, ধারালো দা ও কুড়াল নিয়ে তাদের বাড়ির সংলগ্ন দোকানের সামনে এসে গালিগালাজ শুরু করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রাশেদ খানের অভিযোগ, গালিগালাজে বাধা দিলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে। একই সঙ্গে তার দোকান ও বসতবাড়ির প্রাচীর ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়। একপর্যায়ে অভিযুক্তদের মধ্যে দুজন ধারালো কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
এ সময় তার চিৎকারে স্থানীয় কয়েকজনসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
রাশেদ খান জানান, অভিযুক্তরা এখনও তাকে ও তার পরিবারকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এতে পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
বিষয়টি নিয়ে পুলিশের পক্ষথেকে জানানো হয়েছে তারা তদন্ত শুরু করেছে।