যশোর অফিস
যশোর শহরের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে চাকুসহ চার যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। পুলিশের দাবি, আটক যুবকেরা এলাকায় ভয়ভীতি ও ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।
আটকরা হলেন শহরের পূর্ব বারান্দী বিশ্বাসপাড়ার আফজাল হোসেন (২২), খলিল মল্লিকের ছেলে রেজাউল ইসলাম রাজু (২১), সিটি কলেজপাড়ার তরিকুলের বাড়ির ভাড়াটিয়া বাবুর ছেলে আমিনুল ইসলাম (২৫) ও মনিরুল ইসলাম (২৩)।
কোতোয়ালি থানার এসআই রাইসুল ইসলাম জানান, শুক্রবার (২২ মে) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেলগেট সরকারি মুরগি খামারের সামনে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন যুবক পালানোর চেষ্টা করলে ধাওয়া করে চারজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।