যশোরে এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ-২০২৬ উদ্বোধন

Share

শহিদ জয়, যশোর: যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর সংলগ্ন শামসুল হুদা ফুটবল একাডেমি মাঠে এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত এ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সালো কার্লোস সেসা, পাকিস্তান হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাচি জাইন আজিজ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, শামসুল হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও র‍্যাডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এবং জাহেদী ফাউন্ডেশনের কর্ণধার মোঃ নাসের শাহরিয়ার জাহেদী এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ৭ থেকে ১৩ বছর বয়সী প্রায় ১০০ নারী ফুটবলারসহ মোট ৪০০ ক্ষুদে ফুটবলার অংশগ্রহণ করে।

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, যশোর অঞ্চল থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে তিনি মুক্তিকামী মানুষের সঙ্গে একাত্ম হয়ে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ক্ষুদে ফুটবলারদের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন এবং দেশের ফুটবল উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, আজকের ক্ষুদে ফুটবলাররাই ভবিষ্যতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে। তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দিতে বাফুফে নিরলসভাবে কাজ করছে। তিনি জানান, বাফুফের দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের ফুটবল ফিফার মূল্যায়নে ব্রোঞ্জ ক্যাটাগরি থেকে সিলভার ক্যাটাগরিতে উন্নীত হয়েছে, যা দেশের ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ অর্জন।

অনুষ্ঠানে বক্তারা যশোরের ফুটবল উন্নয়নে শামসুল হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, প্রতিটি জেলায় এমন ক্রীড়াপ্রেমী উদ্যোগ গড়ে উঠলে দেশের ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে।

উল্লেখ্য, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে তৃণমূল পর্যায়ে ক্ষুদে ফুটবলার উন্নয়নে সহযোগিতামূলক চুক্তির ধারাবাহিকতায় প্রতিবছর এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ পালন করা হয়ে থাকে।

Read more