বাঘারপাড়ায় ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ আটক ২

Share

যশোর প্রতিনিধি 
যশোরের বাঘারপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২২ মে) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ সালাউদ্দিন খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বাঘারপাড়া থানাধীন খাজুরা বাজার সরকারি খাদ্য গুদামের উত্তর পাশে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে শরিফুল ইসলামের দুইতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে জহিরুল হক তুহিন (৩০) ও মোঃ রাহুল বিশ্বাস (২০) নামের দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে জহিরুল হক তুহিনের প্যান্টের ডান পকেট থেকে ৪০০ পিস এবং রাহুল বিশ্বাসের প্যান্টের বাম পকেট থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৬০০ পিস।
আটক জহিরুল হক তুহিন যশোর সদর উপজেলার মনোহরপুর (ইছালী) এলাকার ইসরাইল বিশ্বাসের ছেলে এবং রাহুল বিশ্বাস বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার এলাকার পান্নু বিশ্বাসের ছেলে।
উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Read more