নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

Share

যশোর প্রতিনিধি 
সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতন ও হত্যার ঘটনার প্রতিবাদে যশোরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে ‘নিপীড়ন বিরোধী যশোর’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও সমাবেশে ছাত্র-যুবক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রাশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাসদ জেলা সদস্য সচিব কমরেড হাসিনুর রহমান, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড তসলিম উর রহমান, গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, শিক্ষাবিদ প্রফেসর ইসরারুল হকসহ অনেকে।
বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা বেড়েই চলেছে। বিচারহীনতার সংস্কৃতি ও প্রশাসনিক ব্যর্থতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
তারা আরও বলেন, নারী নির্যাতনের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি অসুস্থ সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। বক্তারা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Read more