যশোরে আদালত হাজতখানায় ইয়াবাসহ আটক,দুই ভাইসহ গ্রেফতার ৫

Share

যশোর প্রতিনিধি 
যশোরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে আদালতের হাজতখানার ভেতর থেকেও এক আসামির কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার রাজাপুর (সীতারামপুর) গ্রামের মৃত সেলিম হোসেনের ছেলে শফিকুল ইসলাম রিপন, শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মৃত গোলাম রসুলের ছেলে সুমন ইসলাম, সদর উপজেলার পাগলাদাহ গ্রামের জাকির গাজীর ছেলে সাদ্দাম গাজী ও শুকুর গাজী এবং ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামের মৃত আ. আলিমিয়ার ছেলে জামাল উদ্দিন।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (১৯ মে) বিকেলে কোতোয়ালি থানার এক এসআইসহ পুলিশের একটি দল সিজিএম কোর্ট হাজতখানায় ঝিকরগাছা থানার একটি মামলার আসামি জামাল উদ্দিনকে তল্লাশি করে তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
অন্যদিকে, একই রাতে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা সদর উপজেলার পাগলাদাহ গ্রামে অভিযান চালিয়ে দুই ভাই সাদ্দাম গাজী ও শুকুর গাজীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের বড় বাজার এলাকার একটি আবাসিক হোটেলের তৃতীয় তলার কক্ষ থেকে শফিকুল ইসলাম রিপন ও সুমন ইসলামকে ২২ পিস ইয়াবাসহ আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বুধবার (২০ মে) আদালতে সোপর্দ করা হয়েছে।

Read more