যশোর অফিস:যশোর এলাকায় অভিযান চালিয়ে ২২ গ্রাম হিরোইনসহ সাথী খাতুন (৩২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
ডিবি সূত্রে জানা গেছে,(১৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ একটি টিম শহরের রেলগেট এলাকায় যশোর-চাঁচড়া সড়কের পাশে কালু মিয়ার মাংসের দোকানের সামনে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বোরকা পরা এক নারী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে জানতে পেরে পুলিশ অভিযান চালায়।
এ সময় সাথী খাতুনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার কাছে হিরোইন রয়েছে বলে স্বীকার করেন। পরে নারী কনস্টেবলের সহায়তায় তল্লাশি চালিয়ে তার পরিহিত বোরকার ভেতরে বিশেষ কায়দায় তৈরি পকেট থেকে সাদা স্বচ্ছ পলিথিনে রাখা ২২ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
আটক সাথী খাতুন বেনাপোল পোর্ট থানার ভবের বেড় পশ্চিমপাড়া এলাকার রবিউল শিকদারের মেয়ে।
ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত হেরোইন জব্দ করা হয়েছে এবং আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।