নিজস্ব প্রতিবেদক: হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এ লক্ষ্যে হাসপাতালে আগত রোগী ও স্বজনদের জন্য দণ্ডবিধির ১৮৬ ও ৩৫৩ ধারার বিষয়ে সতর্কতামূলক নির্দেশনা সম্বলিত পোস্টার প্রকাশ করা হয়েছে।
পোস্টারে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা প্রদান বা দুর্ব্যবহার করা দণ্ডবিধির ১৮৬ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে তিন মাস পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। এছাড়া দায়িত্ব পালনরত সরকারি কর্মচারীর ওপর হামলা, বলপ্রয়োগ বা শারীরিকভাবে বাধা প্রদান দণ্ডবিধির ৩৫৩ ধারায় অজামিনযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধে তিন বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চিকিৎসাসেবা একটি মানবিক ও জরুরি সেবা। হাসপাতালের পরিবেশ নষ্ট করা কিংবা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অসদাচরণ করলে রোগীসেবায় বিঘ্ন ঘটে। তাই হাসপাতাল এলাকায় সকলকে শান্ত, সহনশীল ও আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
পোস্টারে আরও বলা হয়, স্বাস্থ্যকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা এবং সহিংসতা পরিহার করলেই একটি নিরাপদ ও সুশৃঙ্খল হাসপাতাল পরিবেশ নিশ্চিত করা সম্ভব। প্রয়োজনে অভিযোগ বা জরুরি সহায়তার জন্য স্বাস্থ্য বাতায়ন হেল্পলাইন ১৬২৬৩ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় সচেতনতামূলক প্রচারণা
Share
Read more