ঝিকরগাছা মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর দাবি

Share

যশোর অফিস 
যশোর প্রেসক্লাবে সোমবার এক সংবাদ সম্মেলনে ঝিকরগাছা উপজেলার কুন্দিপুর গ্রামের রায়হান উদ্দিন এর ছেলে দিপু অভিযোগ করেছেন যে, ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা–এর করিম আলী রঘুনাথপুর আঃ খালেক আলিম মাদ্রাসা-এ অফিস সহায়ক পদে নিয়োগ প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম ও বৈষম্য হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ১৫ দিনের মধ্যে আবেদন জমা দেওয়ার কথা থাকলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও পোস্টাল অর্ডারসহ আবেদন জমা দিতে গেলে কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। পরবর্তীতে পুনরায় আবেদন জমা দিতে গেলে কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়াই তা গ্রহণে অস্বীকৃতি জানানো হয় বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, পরবর্তীতে জানা যায় ৪ জন প্রার্থীর আবেদনপত্র গ্রহণ করা হয়েছে এবং স্থানীয়ভাবে শোনা যাচ্ছে মোটা অংকের অর্থের বিনিময়ে “সজিব” নামের একজনকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।
লিখিত বক্তব্যে দিপু অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে নির্দিষ্ট ব্যক্তিকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে তার আবেদন গ্রহণ করা হয়নি, যা যোগ্য প্রার্থীদের অধিকার ক্ষুণ্ণ এবং দুর্নীতির শামিল।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের নিকট দাবি জানান আবেদন গ্রহণ না করার ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছভাবে পুনরায় নিয়োগ সম্পন্ন করার জন্য।
এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Read more