যশোর অফিস:যশোর শহরের সদর হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা ফাতেমা খাতুন প্রতিবেশী আব্দুস সামাদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আব্দুস সামাদ, তার ছেলে রিপন হোসেন, পোতা ছেলে রাবিত ও সোহেল পরিকল্পিতভাবে তাদের পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। বাড়ি ও জমিজমা নিয়ে বিরোধ সৃষ্টি করে তারা জোরপূর্বক দখলের চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।
ফাতেমা খাতুন বলেন, তাদের পৈত্রিক সূত্রে পাওয়া ঘোপ মৌজার আরএস-২৩১৮ দাগের ৫ শতক জমিতে ভবন নির্মাণ কাজ শুরু করলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্রকাশ্যে হত্যার হুমকি দিতে থাকে।
তিনি আরও জানান, গত ১৪ মে দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্তরা তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এ ঘটনায় প্রতিবাদ জানালে তারা পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। এ সময় আব্দুস সামাদের পোতা ছেলে রাবিত হাতে ছুরি নিয়ে হামলার চেষ্টা করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে বলে অভিযোগ করেন তিনি। ঘটনাটির একাধিক সাক্ষী রয়েছেন বলেও দাবি করেন।
এ ঘটনায় তার ভাই শহীদ আল মামুন যশোর কোতোয়ালি থানায় আব্দুস সামাদ, রিপন হোসেন, রাবিত ও সোহেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এখনো পর্যন্ত থানা পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ফাতেমা খাতুন বলেন, “আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করছি।”
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মামুন, সিফাত,রাজুসহ পরিবারের অন্যান্য সদস্যরা।