যশোরে অপহরণের অভিযোগ, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ তিন দিনে উদ্ধার হয়নি শিশু কন্যা

Share

যশোর অফিস:যশোরে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগে সদর উপজেলার রামনগর গ্রামের মোঃ ইউনুস আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪০), জানান,তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নেহা আক্তার তোয়া (১৩)কে পরিকল্পিতভাবে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় তিনি গত তিনদিন আগে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি এবং তার কন্যাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

অভিযোগপত্রে বলা হয়,অভিযুক্তদের মধ্যে রয়েছেন মুন্না (২০), নাজমুল (৬০), জোসনা বেগম (৪৫), সুমন (২০) এবং রুম্মান (২২)। তাদের মধ্যে নাজমুল ও জোসনা বেগম স্বামী-স্ত্রী এবং মুন্না তাদের পরিবারের সদস্য বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা রামনগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ওই অবস্থায় মুন্না ভুক্তভোগী কিশোরীকে প্রেমের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলেন বলে দাবি করা হয়েছে। পরবর্তীতে পরিবারের অভিযোগ অনুযায়ী, গত ১৫ মে বিকেলে সুমন ও রুম্মানের সহযোগিতায় কিশোরীকে বাড়ি থেকে অপহরণ করা হয়।

ভুক্তভোগীর পরিবার দাবি করে, বিষয়টি জানার পর তারা অভিযুক্তদের পরিবারের কাছে সহযোগিতা চাইলে কোনো সহায়তা পাওয়া যায়নি এবং উল্টো হুমকি-ধমকি দেওয়া হয়।

পরিবার জানায়, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও কিশোরীর সন্ধান না পেয়ে তারা থানায় অভিযোগ করতে বাধ্য হন।

এ বিষয়ে  ইনচার্জ বরাবর অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা ও ভুক্তভোগীকে উদ্ধারের দাবি জানিয়েছেন বাদী।

যশোর কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন,অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Read more