যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় কনসার্টে মেয়েকে উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে চাকু ও লাঠিসোঁটা দিয়ে হামলার ঘটনায় ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (১৬ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাঘারপাড়া উপজেলার রায়পুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অপটিলাক্স বিডি কোম্পানির সৌজন্যে আয়োজিত একটি কনসার্ট শেষে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. জাবির হোসেন (২১), নিরব হোসেন (১৫), জুবায়ের (১৭), হযরত আলী (১৭) ও হুযায়ফা (১৭)। তারা সবাই রায়পুর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, কনসার্ট চলাকালে এক মেয়েকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে রায়পুর বাজার এলাকায় পূর্ব বিরোধের জেরে শাহিন (৪০), তার ছেলে মিরাজ (১৮) ও নাঈম (২৮)সহ কয়েকজন তাদের পথরোধ করে। এ সময় হামলাকারীরা চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত ও লাঠিসোঁটা দিয়ে মারধর করলে ৫ জন আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে আহতরা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
যশোরের বাঘারপাড়ায় কনসার্টে মেয়েকে উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৫
Share
Read more