যশোর অফিস
ফারাক্কা দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে যশোরে মানববন্ধন করেছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদ, যশোর জেলা শাখা। শনিবার শহরে আয়োজিত এ মানববন্ধনে ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের পানি সংকট, তিস্তা ও পদ্মার পানির ন্যায্য হিস্যা এবং দেশবিরোধী চুক্তি বাতিলের দাবি জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ভাসানী পরিষদের যশোর শাখার আহ্বায়ক হারুন-অর-রশীদ। সঞ্চালনা করেন সদস্য সচিব মুস্তাফিজুর রহমান কবির। বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ও যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, ফারাক্কা মিছিলে অংশগ্রহণকারী লেখক-গবেষক মফিজুর রহমান রুন্নু এবং ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি রাশেদ খান প্রমুখ।
বক্তারা বলেন, ভারত একতরফাভাবে গঙ্গার পানি প্রত্যাহারের উদ্দেশ্যে ফারাক্কা বাঁধ নির্মাণ করায় বাংলাদেশ শুষ্ক মৌসুমে তীব্র পানি সংকটে পড়ে। এতে কৃষিতে সেচ কার্যক্রম ব্যাহত হয়। আবার বর্ষা মৌসুমে বাঁধ খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তারা পদ্মা ও তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানান।
এছাড়া বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে করা অসম চুক্তি দেশের সার্বভৌমত্ব ও ব্যবসা-বাণিজ্যের জন্য ক্ষতিকর। তাই ওই চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানান তারা।
মানববন্ধনে ১৯৭৬ সালের ঐতিহাসিক লংমার্চে অংশগ্রহণকারীদের অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির নেতা জিল্লুর রহমান ভিটু, প্রকৌশলী আনোয়ারুল ইসলাম বাবু, প্রকৌশলী রুহুল আমিন, শরিফ হোসেন, ইসমাইল হোসেন, বাসদ যশোর জেলা শাখার সদস্য সচিব হাসিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ও খবির শিকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।