বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় লাটা গাড়ির হেলপার নিহত

Share

যশোর প্রতিনিধি 
যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম বাজার এলাকায় ইঞ্জিনচালিত লাটা গাড়ি উল্টে সোহাইব (৩০) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ৯নং জামদিয়া ইউনিয়নের ধলগ্রাম রাস্তার বাজার এলাকার রব ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাইব বাঘারপাড়া উপজেলার নয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি ইঞ্জিনচালিত লাটা গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে যশোর থেকে নড়াইলগামী একটি ইঞ্জিনচালিত লাটা গাড়ি ধলগ্রাম বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সড়কের ওপর উল্টে যায় এবং হেলপার সোহাইব গাড়ির নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে তুলারামপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Read more