যশোর প্রতিনিধি
যশোরে এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে তামিম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে কচুয়া এলাকার সাইফুল মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গত ১১ মে দুপুরে তামিম কচুয়া হাতেমপাড়া এলাকায় কিশোরীর বাড়িতে যায়। এ সময় কিশোরীর মা বাড়ির বারান্দায় কাজ করছিলেন। পরে সুযোগ বুঝে তামিম ওই কিশোরীর কাছে প্রেমের প্রস্তাব দেয়। কিশোরী রাজি না হলে তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তামিম পালিয়ে যায়।
পরে বিকেলে কিশোরীর মা ও ভাই বিষয়টি জানতে চাইলে তামিমসহ কয়েকজন তাদের মারধর করে আহত করে বলে অভিযোগ ওঠে। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় কিশোরীর মা কোতোয়ালি থানায় তামিমসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তামিমকে আটক করে আদালতে পাঠায়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।