নিজস্ব প্রতিবেদক
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) “ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট” শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের আয়োজনে এ কনফারেন্সের উদ্বোধন করা হয়।
কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির বলেন, “গবেষণা ও উদ্ভাবনই টেকসই উন্নয়নের চাবিকাঠি। বর্তমান বিশ্বে যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, জ্বালানি সংকট ও সম্পদের সীমাবদ্ধতার মতো নানা চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু নীতিগত আলোচনা নয়, প্রয়োজন কার্যকর গবেষণা ও উদ্ভাবন।”
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে টেকসই পদ্ধতির সমন্বয় এখন সময়ের দাবি। নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তবে প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সচেতনতার বিষয়টিও সমানভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
কনফারেন্সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (UET) কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ উসমান গনি খান। এছাড়া ভার্চুয়ালি প্রবন্ধ উপস্থাপন করেন কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউফাউন্ডল্যান্ডের প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সেলিম আহমেদ।
বক্তারা টেকসই উন্নয়নে গবেষণার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী গবেষণায় আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা।
মূল প্রবন্ধ উপস্থাপনার পর পোস্টার প্রেজেন্টেশন ও টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪টায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক কনফারেন্সের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. ইমরান খান, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুল ইসলাম এবং কনফারেন্সের সেক্রেটারি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জাহেদুল ইসলাম ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আনিকা আনজুম।