নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলার মৃধাপাড়া এলাকা থেকে ২১১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-৩, যশোরের আভিযানিক দল।
শুক্রবার (১৫ মে) ভোর ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার মৃধাপাড়া মহিলা কলেজ গেটের সামনে চেকপোস্ট পরিচালনা করে র্যাব। এসময় ঝিনাইদহের মহেশপুর থেকে যশোরগামী একটি সাদা প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২১১ বোতল ফেন্সিডিল (Wincerex) উদ্ধার করা হয়।
এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার কাগমারী গ্রামের ফুলচাঁনের ছেলে শ্রী চিরঞ্জিৎ (২৮),, ও মোহাম্মাদপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মো. বাবলুর রহমান (৪৪)কে আটক করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের ব্যবহৃত প্রাইভেটকারের পিছনের ডালার ভেতরে সাদা প্লাস্টিকের বস্তায় ফেন্সিডিলগুলো রাখা ছিল। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের জব্দকৃত আলামতসহ চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে র্যাবের কার্যক্রম অব্যাহত থাকবে।