মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে তার ধৈর্য প্রায় শেষ হয়ে এসেছে। একই সঙ্গে তিনি তেহরানকে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি আর খুব বেশি ধৈর্য ধরতে পারছি না। তাদের একটি চুক্তিতে আসা উচিত।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও কূটনৈতিক চাপের মধ্যেই ট্রাম্পের এ মন্তব্য সামনে এলো। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
বর্তমানে চীন সফরে রয়েছেন ট্রাম্প। সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার উত্তেজনা নিরসনে সহায়তার আগ্রহ প্রকাশ করেছেন শি জিনপিং।
ট্রাম্প বলেন, তিনি বলেছেন, চীন কোনো সামরিক সরঞ্জাম দেবে না। তিনি খুব জোর দিয়ে এ কথা বলেছেন।
এ ছাড়া হরমুজ প্রণালি খোলা রাখার বিষয়েও আগ্রহ দেখিয়েছেন শি জিনপিং। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, চীনা প্রেসিডেন্ট বলেছেন, আমি যদি কোনোভাবে সহায়তা করতে পারি, তাহলে অবশ্যই করতে চাই।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ইরান ও চীনের কূটনৈতিক অবস্থান আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই