যশোর শহরে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখল ও হত্যার হুমকির অভিযোগ

Share

বিশেষ প্রতিনিধি
যশোর শহরের ঘোপ জেল রোড এলাকায় জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় হয়রানির আশঙ্কার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শহীদ আল মামুন বৃহস্পতিবার (১৪ মে) কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শহরের ঘোপ জেল রোড এলাকার বাসিন্দা শহীদ আল মামুনের বাড়ির পাশের কয়েকজন প্রতিবেশী দীর্ঘদিন ধরে তার জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আব্দুস সামাদ, তার ছেলে রিপন হোসেন, সাব্বির হোসেন, রাব্বি ও সোহেল হোসেন।
ভুক্তভোগী অভিযোগে উল্লেখ করেন, সম্প্রতি তিনি তার জমির ওপর ভবন নির্মাণকাজ শুরু করলে প্রতিপক্ষ আরও বেপরোয়া হয়ে ওঠে। বিভিন্ন সময় তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর, খুন-জখম এবং জমি থেকে উচ্ছেদের হুমকি দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্তরা তাদের চলাচলের পথ বন্ধ করে দেয়। এ সময় শহীদ আল মামুন প্রতিবাদ করলে তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। অভিযোগ রয়েছে, অভিযুক্ত রাব্বি নেশাগ্রস্ত অবস্থায় দেশীয় অস্ত্র নিয়ে হামলার উদ্দেশ্যে এগিয়ে আসে। এছাড়া আব্দুস সামাদ তাকে গুলি করে হত্যার হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার জানায়, তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন।
এ বিষয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Read more