যশোর প্রতিনিধি
সাড়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান হোসেন (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সদস্যরা। আটক ইমরান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বোয়ালিয়া মধ্যপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা জানান, বৃহস্পতিবার (১৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের পুলেরহাট টু রাজগঞ্জ রোডের গোয়ালদাহ মাঠপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
এসময় আবুল গাজীর মোড়ে একটি মোটরসাইকেলসহ ইমরান হোসেনকে আটক করা হয়। পরে তার মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।