যশোরে মোটরসাইকেলের ধাক্কায় নাইটগার্ড প্রাণ হারালেন

Share

যশোর প্রতিনিধি 
যশোরের ঝিকরগাছায় অজ্ঞাতনামা মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল আজিজ গাজী (৬৫) নামে এক নাইটগার্ড প্রাণ হারালেন। বুধবার (১৩ মে) রাত সাড়ে ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুল আজিজ গাজী ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী গ্রামের বাসিন্দা। তিনি বেনেয়ালী বাজারে নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, বুধবার রাত আনুমানিক ৯টার দিকে বাড়ি থেকে পায়ে হেঁটে ডিউটিতে যাওয়ার সময় বেনেয়ালী বাজার এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে দ্রুতগতির একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। পরে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Read more