যশোর প্রতিনিধি
যশোরে চিকিৎসা বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও অপসারণ না করায় চারটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসা বর্জ্য অব্যবস্থাপনা, ঝুঁকিপূর্ণ বর্জ্য খোলা স্থানে ফেলে রাখা এবং নির্ধারিত বিধিমালা অনুসরণ না করার অভিযোগের সত্যতা পাওয়া যায়।
পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা এবং চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮-এর ৯ ধারা লঙ্ঘনের দায়ে এসব জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, সিএমসি ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, ডিএনএ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা এবং পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান, পরিদর্শক মো. জাহিদ হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।