যশোরে রোগীকে প্রতারণার অভিযোগ, ডিএনএ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ক্ষোভ

Share

যশোর প্রতিনিধি:
যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে অবস্থিত একটি বেসরকারি প্রতিষ্ঠান ‘ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার’-এর বিরুদ্ধে রোগীকে প্রতারণার অভিযোগ উঠেছে। বুধবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে এমন ঘটনার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন মনিরামপুর উপজেলার চিনেটোলা এলাকার আয়শা খাতুন।
অভিযোগ সূত্রে জানা যায়, আয়শা খাতুন তার ছেলে আরিফুলকে নিয়ে হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন। নিয়ম অনুযায়ী তিনি ১০ টাকার টিকিট কেটে হাসপাতালের ৬ নম্বর রুমে যেতে থাকেন। এসময় এক দালাল তাকে জানায়, ওই রুমের ডাক্তার বাইরে রোগী দেখছেন এবং তাকে ডিএনএ ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়।
সেখানে গিয়ে আবারও তাকে ১০ টাকার টিকিট কাটতে বলা হয়। পরে আয়শা ও তার শিশুপুত্রকে চিকিৎসক ডা. মামুনুর রশিদের কক্ষে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, চিকিৎসক চার ধরনের পরীক্ষা লিখে দেন এবং পরীক্ষার জন্য ৯০০ টাকা বিল ধরা হয়। আয়শার কাছে ৮০০ টাকা থাকায় ওই টাকা নিয়েই পরীক্ষার কাগজপত্র দেওয়া হয়।
পরবর্তীতে হাসপাতালে ফিরে অন্যদের কাছ থেকে তিনি জানতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। পরে তিনি হাসপাতালের পুলিশ বক্সে অভিযোগ দেন এবং সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা করেন।
আয়শা খাতুন অভিযোগ করেন, টাকা ফেরত চাইতে গেলে ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে হুমকি দিয়ে বের করে দেওয়া হয়। পরে কান্নাজড়িত অবস্থায় তিনি কোতোয়ালি থানায় অভিযোগ দিতে যান।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। রোগী ও তাদের স্বজনরা হাসপাতাল এলাকায় দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা সিভিল সার্জন ও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এর আগে বাঘারপাড়া ও মনিরামপুরের দুইটি রোগের কাছ থেকে প্রতারণা করেছিল এই ডিএনএ ডায়াগনস্টিক সেন্টারে দালাল।
এ ব্যাপারে সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা এ প্রতিবেদককে বলেন কতদিনের বিষয়টি নিয়ে তাকে সতর্ক করা হয়েছিল। আমি ঢাকা থেকে ফিরছি আগামীকাল ইনশাল্লাহ এ বিষয়ে খোঁজখবর নিব।

Read more