যশোর প্রতিনিধি
যশোরে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে যশোর-খুলনা মহাসড়কের সদর উপজেলার চাঁচড়া গেট এলাকায় ইঞ্জিনচালিত ভ্যান ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেলিনা আক্তার (৪৫) নামে এক নারী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন শাহরুখ (২৪) নামে এক যুবক।
নিহত সেলিনা আক্তার সদর উপজেলার গোবিন্দপুর এলাকার দেলোয়ার রহমানের স্ত্রী। আহত শাহরুখ নরেন্দ্রপুর এলাকার ওলিয়ার মোড়লের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সেলিনা আক্তার ভ্যানে করে রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি কিন্ডারগার্টেন স্কুলের দিকে যাচ্ছিলেন। পথে চাঁচড়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২টার দিকে সেলিনা আক্তার মারা যান। আহত শাহরুখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
অন্যদিকে সোমবার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর বাজার এলাকায় দ্রুতগতির একটি অজ্ঞাত মাইক্রোবাসের ধাক্কায় তিন শ্রমিক আহত হন।
আহতরা হলেন— ওসমান (৪৫), মেহেদী হাসান (৩৫) ও আয়াতুল (২০)। তারা সবাই পোলতাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, চারাখোলা মাঠে কাজ শেষে তিনজন বাড়ি ফিরছিলেন। পথে আব্দুলপুর বাজার এলাকায় পৌঁছালে চৌগাছা থেকে যশোরগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে ওসমানের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, পৃথক দুই দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।