জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, বহুপাক্ষিক কূটনীতি এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি নিজেদের দৃঢ় অবস্থানের কথা আবারও তুলে ধরেছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন সফরকালে যুক্তরাষ্ট্র আর্মি ওয়ার কলেজের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
সোমবার (১১ মে) অনুষ্ঠিত ওই বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকার থেকেই জাতিসংঘের সঙ্গে দেশের দীর্ঘদিনের সম্পৃক্ততা গড়ে উঠেছে।
তিনি উল্লেখ করেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিশ্বের অন্যতম বড় অবদানকারী দেশ। বিভিন্ন সংঘাতপ্রবণ ও কঠিন পরিবেশে বাংলাদেশের শান্তিরক্ষীরা দক্ষতা, পেশাদারিত্ব এবং সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন বলেও তিনি তুলে ধরেন।
বৈঠকে প্রতিনিধিদলকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও অবহিত করা হয়। এ সময় শান্তিরক্ষা কার্যক্রমের পাশাপাশি টেকসই উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা ও অর্জনের বিষয়গুলো তুলে ধরা হয়।
রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, বর্তমান বিশ্বের বিভিন্ন জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় সংলাপ, পারস্পরিক সমঝোতা এবং ঐকমত্যভিত্তিক আন্তর্জাতিক উদ্যোগের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। একই সঙ্গে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।